রোববার, ০২ আগস্ট ২০২৬ , ০৫:৩৭ পিএম
সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর অসংখ্য অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব।
শনিবার (১ আগস্ট) ক্লাবের স্বেচ্ছাসেবক দল চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী অঞ্চলে সরাসরি উপস্থিত হয়ে ‘Flood Relief 2026’ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে।

এই উদ্যোগের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি, যেসব পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের লক্ষ্যে ২১০টি পরিবারের জন্য ঘর নির্মাণে প্রয়োজনীয় রুফিং শিট প্রদান করা হয়, যাতে তারা নতুন করে নিজেদের আশ্রয় গড়ে তুলতে পারে।

এই কার্যক্রম শুধু ত্রাণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি ছিল মানবিক সহমর্মিতা, দায়বদ্ধতা এবং সম্মিলিত উদ্যোগের একটি বাস্তব উদাহরণ। ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে, সংকটের সময় সম্মিলিত উদ্যোগই মানুষের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে।

ক্লাবের স্বেচ্ছাসেবকরা বলেন, মানবতার সেবায় নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ভবিষ্যতেও সমাজের প্রয়োজনে একই নিষ্ঠা ও অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।
প্রতিটি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোকে নিজেদের দায়িত্ব উল্লেখ করে তারা জানায়, এভাবেই গড়ে উঠবে আরও সহানুভূতিশীল ও মানবিক সমাজ।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব এই মানবিক উদ্যোগ সফল করতে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী, দাতা, সহযোগী ও সমর্থকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাদের মূল্যবান অবদান ও অক্লান্ত সহযোগিতা ছাড়া এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হতো না বলেও জানান তারা।
আরটিভি/ এসকেডি