মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০২:৩০ পিএম
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া হাসান ইভা। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ইন্টারফেইথ কো-অপারেশন ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ থেকে মনোনীত তিনজন প্রতিনিধির একজন ইভা।
সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার ঐতিহাসিক শহর ক্যান্ডিতে ‘Peace Institute IV: Training of Trainers on Religion, Interfaith Understanding, and Peacebuilding’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ৩ আগস্ট শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১৮ আগস্ট পর্যন্ত।
বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি জোরদার, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠায় দক্ষ প্রশিক্ষক গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধি ও শান্তি-উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন।
আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ প্রসঙ্গে ইভা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা অবশ্যই গর্বের বিষয়। এ সুযোগটি পেয়ে আমি সত্যিই গর্বিত। আমার কাছে এটি যেমন শেখার একটি সুযোগ, তেমনি নিজের দেশকে প্রতিনিধিত্ব করারও এক অনন্য অভিজ্ঞতা। আমি ২০২৪ সাল থেকে ইন্টারফেইথ কো-অপারেশন ফোরামের সঙ্গে যুক্ত আছি। কিছুদিন আগে তারা এ কর্মসূচির বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমি আবেদন করি এবং বিভিন্ন ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হই। এরপর অংশগ্রহণের জন্য গ্রহণপত্র পাই। পুরো প্রক্রিয়ায় আমার বিভাগের শিক্ষকদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। এর আগে দেশে অনুষ্ঠিত কয়েকটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছি। তবে দেশের বাইরে এটিই হবে আমার প্রথম আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ।
আরটিভি/টিআর