images

ক্যাম্পাস / শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষায় সুযোগ পাওয়া প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিল যবিপ্রবি

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১০:০৭ এএম

চলতি বছর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে ‘চলতি বছর পূর্ণ বৃত্তিপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পূর্ণ বৃত্তিপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিশ্ববিদ্যালয়ের স্মারক উপহার তুলে দেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়, বরং জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক মানসিকতা দিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করা। বিদেশে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থী বাংলাদেশের প্রতিনিধি। তাই তাদের গবেষণা, মেধা, সততা ও আচরণের ওপর দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনামও নির্ভর করে।

আরও পড়ুন
LITON_copy

ড্রেনেজ সংকটে সমান‍্য বৃষ্টিতেই ভাসছে ইবি ক্যাম্পাস, বিপাকে শিক্ষার্থীরা

তিনি বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, নৈতিকতা, সুশাসন ও ইতিবাচক সংস্কৃতি চর্চার মাধ্যমেই একটি দেশ সত্যিকারের উন্নত রাষ্ট্রে পরিণত হয়। শিক্ষার্থীদের বিদেশের ভালো দিকগুলো গ্রহণ করে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিঃসন্দেহে গর্বের বিষয়। তবে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে দেশের উন্নয়নে কাজ করাই হওয়া উচিত একজন শিক্ষার্থীর প্রধান লক্ষ্য। তিনি বলেন, ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ গঠনে অবদান রাখার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত।

এর আগে একই দিনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে উচ্চশিক্ষাবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃতি নিয়ে অধ্যয়নরত যবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, বৃত্তি অর্জনের প্রস্তুতি, গবেষণার সুযোগ, ভাষা দক্ষতা পরীক্ষার প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

এ সময় তারা উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও আবেদন প্রক্রিয়া নিয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।


আরটিভি/জেএমএ