images

ক্যাম্পাস / শিক্ষা

‘অদম্য জুলাই’ কর্মসূচি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা 

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১২:৫৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্বঘোষিত ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির একটি মিছিল বের করলে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তুলে আপত্তি জানান। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ উভয় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন
Web-Image---Copy

আমরা একটি মাস্টারপ্ল্যান নিয়ে এগোচ্ছি: ববি উপাচার্য

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, জুলাইকে ঘিরে আয়োজিত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। উপাচার্য ও প্রক্টরের সামনেই এ ঘটনা ঘটেছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের আনা হয়েছিল। তারাই আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। জুলাই আন্দোলনের পর এ ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না। আমরা এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংঘর্ষের পর কিছু সময় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


আরটিভি/জেএমএ