বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৩:৪৫ পিএম
আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গড়ে ওঠা জাতীয় ঐক্য দীর্ঘদিন ধরে ধরে রাখার আহ্বান জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রো-ভিসি অধ্যাপক মো. আনিছুর রহমান।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, রাজমুকুট অর্জন করা যত সহজ, তা ধরে রাখা তত সহজ নয়। আজ আমাদের বিজয়ের দিন। এই বিজয়ের তাৎপর্য ধরে রাখতে হলে পারস্পরিক ঐক্য ও সমঝোতা বজায় রাখতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা দীর্ঘদিন ধরে রাখতে হবে। একই সঙ্গে মাফিয়া চক্র ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। সকাল ১০টায় শুরু হওয়া শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১২ তলা একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, জুলাই আমাদের চেতনা। জুলাইয়ের আদর্শ বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করব। আগামী প্রজন্মই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, আজকের এই আনন্দ শোভাযাত্রার উদ্দেশ্য হলো সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সমাজের মানুষের জন্য কাজ করা। জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগের সঙ্গে আমরা কখনো বেইমানি করব না। এ দিনে আমরা জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
পরে বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘আমরাই গড়ব স্বপ্নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও শিল্পীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে বিশেষ খাবারের আয়োজনও করা হয়।
আরটিভি/জেএমএ