বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৫:৩৭ পিএম
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্ভাবনাময় ফসল ‘কাসাভার’ উদ্বোধন এবং এর খাদ্য ও বাণিজ্যিক ব্যবহারবিষয়ক একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের (আইবিএসসি) গবেষণা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে জলবায়ু-সহনশীল ও বিকল্প খাদ্য হিসেবে কাসাভার বহুমুখী ব্যবহার, প্রক্রিয়াকরণ এবং অর্থনৈতিক সম্ভাবনার ওপর নির্মিত বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। প্রদর্শনীতে কাসাভা থেকে তৈরি বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী প্রদর্শন করা হয়। পাশাপাশি জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ফলজ, ঔষধি ও বিলুপ্তপ্রায় উদ্ভিদের সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে গবেষণা মাঠ প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্যনিরাপত্তার বিষয়টি বিশ্বজুড়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে কাসাভার মতো বিকল্প ও পুষ্টিকর ফসলের চাষাবাদ অত্যন্ত সময়োপযোগী। কাসাভা শুধু মানুষের খাদ্যের চাহিদাই মেটাবে না, বরং পোল্ট্রি ফিড এবং বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আইবিএসসির পরিচালক অধ্যাপক পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এছাড়া জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস. এম. কামরুজ্জামানসহ ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর