images

বিনোদন

বেঁচে থাক ভালোবাসা 'অন্তরালে' [ভিডিও]

বুধবার, ০১ মার্চ ২০১৭ , ০৯:৫১ পিএম

সরি অনামিকা। আজকেও দেরি হয়ে গেলো। আজকে আমি দাড়ি ছোট করে এসেছি। আর তোমার পছন্দের খাঁচায় পছন্দের পায়রাও নিয়ে এসেছি। হ্যাপি বার্থডে অনামিকা, হ্যাপি বার্থডে। তোমার সেই সিগ্ধ মায়াবী হাসি আজো আমার চোখে ভাসে। তোমার সেই কাটানো প্রতিটি মুহূর্ত আজো আমার মনে পড়ে। আজ আর আমি পায়রাটাকে আকাশে উড়াবো না। কারণ আজ এ বন্দি পায়রার মতো আমিও তোমার ভালোবাসায় বন্দি। গোধূলির সবটুকু রঙ দিয়ে সাজিয়েছিলে এ মন। যার মায়াজালে আজো আমি আটকে আছি।ভালোবাসি তোমায়। আজো ঠিক আগেরই মতো। গল্পের শেষটা এমনই যেখানে এক যুবক তার ভালোবাসার মানুষের কবরের সামনে কথাগুলো আওরাতে থাকেন। কিছু কথা মুখে আর বাকিটা মনে মনে। অবশেষে চোখের পানি ফেলতে ফেলতে একাকী চলে যান অজস্র কষ্ট নিয়ে।

কিন্তু গল্পের শুরুতে কেইবা বুঝেছিলেন মিষ্টি প্রেমের শেষটা এমন কষ্টের হতে পারে। সদ্য অনলাইনে প্রকাশ হওয়া 'অন্তরালে' শর্টফিল্মের গল্পটি এরকমই। যার শুরু সীমাহীন রোমান্স নিয়ে। আর শেষটা এক বুক কষ্টে ভরা। এটি রচনা ও পরিচালনা করেছেন আর আই সাকিব।

আর অভিনয় করেছেন সাব্বির ও বুশরা। বাস্তব জীবনেও স্বামী–স্ত্রী। পরিচালক বলেন, আমার দেখা মিষ্টি এক দম্পতি তারা। মূলত সাব্বির একজন দক্ষ ভিডিও এডিটর। চলচ্চিত্রে তিনি এডিটিংয়ের কাজ করে থাকেন। দু'জনের কেউই প্রফেশনাল অভিনয় শিল্পী না হয়েও দারুণ সাপোর্ট দিয়েছেন। আমি এ দু'জনের 'গাইসোফ্লোবিয়া' নামে একটা শর্টফিল্ম দেখেছিলাম। এ ফিল্মটি করতে গিয়ে মনে হয়েছে সাব্বির ও বুশরাকে নিয়ে কাজ করলে ভালোবাসার গল্পটি তারা ভালোভাবেই ফুটিয়ে তুলতে পারবেন। আশা করছি দর্শকদেরও এটি ভালো লাগবে।

এইচএম