images

বিনোদন / বলিউড

আজ এই লাভ বার্ডের বিয়ে! (ভিডিও)

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ , ০৩:০১ পিএম

বলিউডে তারা ‘লাভ বার্ড’ হিসেবেই পরিচিত। দীর্ঘ ১০ বছর প্রেমের পর অভিনেত্রী পত্রলেখার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। আজ সোমবার (১৫ নভেম্বর) বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি। বহু বছর লিভটুগেদারের পর অবশেষে প্রেমিকা পত্রলেখার গলায়ই মালা দিচ্ছেন এই অভিনেতা।
তাদের বিয়ের নিমন্ত্রণপত্র এখন নেট দুনিয়ায় উড়ে বেড়াচ্ছে। আর এই নিমন্ত্রণপত্রের কল্যাণে নিশ্চিত হওয়া গেছে রাজকুমার রাও আর পত্রলেখা পালের বিয়ের তারিখ ও স্থান। নীলরঙা এই নিমন্ত্রণপত্রে লেখা আছে, ‘১৫ নভেম্বর ২০২১-এ চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাসে রাও পরিবার এবং পাল পরিবার পত্রলেখা আর রাজকুমারের বিয়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছে।’ রাজকুমারের এক ফ্যানপেজের টুইটার হ্যান্ডেলে এই নিমন্ত্রণপত্রটি শেয়ার করা হয়েছে।
এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে পত্রলেখা জানিয়েছিলেন, ‘লাভ সেক্স ধোকা’ সিনেমা দেখার পরই রাজকুমারকে ভালো লাগে তার। এরপর আলাপ, বন্ধুত্ব এবং প্রেম হয়। অনেকদিন ধরে ‘লিভ ইন’ রিলেশনেও রয়েছেন এই তারকা জুটি।
এদিকে এক ভিডিওতে রাজকুমারকে দেখা গেছে বাগদানের সময় হাঁটুগেড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিতে। তিনি তার প্রেমিকাকে জিজ্ঞেস করছেন, ‘তুমি কি আমায় বিয়ে করবে?’ পত্রলেখাও হাঁটুগেড়ে বসে জবাবে বলেছেন, ‘হ্যাঁ, আমি করব।’ এরপর তারা একে অন্যের আঙুলে আংটি পরিয়ে দেন। তাদের এই বিশেষ মুহূর্তের ভিডিওকে ঘিরে সবাই ভালোবাসা উজাড় করে দিচ্ছে।
রাজকুমার ও পত্রলেখার বাগদানের অনুষ্ঠানে সাদা রঙের থিম রাখা হয়েছিল। তাই এদিন তারা সাদা রঙের পোশাকে সেজেছিলেন। রাজকুমারের রোমান্টিক সাজ তার অনুরাগীরা দারুণ পছন্দ করেছেন। এখন সবাই রাজকুমার ও পত্রলেখার রাজকীয় বিয়ের ঝলক দেখার অপেক্ষায় আছে।

এনএস/টিআই