শুক্রবার, ০৩ জুন ২০২২ , ১২:৫০ পিএম
মুক্তির প্রহর গুনছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসিরের রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমা 'তালাশ'। এতে নবাগত চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। আগামী ১৭ জুন সারাদেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।
এরই মধ্যে সিনেমাটির গান, ফার্স্টলুক, ট্রেলার ও পোস্টার প্রকাশ হয়েছে। স্বল্প বাজেটে সিনেমাটি নির্মিত হলেও ট্রেলার অবমুক্ত হওয়ার পর থেকেই 'তালাশ' নিয়ে আলোচনা শুরু হয়েছে। গান ও ট্রেলার দেখে নতুন জুটিকেও পছন্দ করতে শুরু করেছে দর্শকমহল।
নির্মাতা সৈকত নাসির বলেন, 'কম বাজেটের সিনেমা গল্প, মেকিং ও অভিনয়শিল্পীদের অভিনয়ের কারণে হুট করে বড় বাজেটকে পেছনে ফেলে দেওয়ার ওয়ার্ল্ড রেকর্ড আছে। আমার এ সিনেমার গল্পই মাস্টার পিস। বাজেট এখানে সাবজেক্ট না। আদর-বুবলীসহ সবাই ভালো অভিনয় করেছে।'
তিনি আরও জানান, 'এরই মধ্যে বড় বড় প্রেক্ষাগৃহগুলো বুকিং হয়েছে। আশা করি, সামনের দুই সপ্তাহে ৫০ এর সংখ্যা বেড়ে ৭০ হয়ে যাবে। এতটুকু বলতে পারি, দর্শক ভালো কিছু পেতে যাচ্ছে।'
বুবলী বলেন, 'সিনেমার প্রকাশিত গানগুলো দর্শক বেশ পছন্দ করেছে। এই সিনেমার প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর সিনেমার গল্প এক কথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছে। আশা করি, আমাদের জুটির প্রথম সিনেমাটি দর্শকদের পছন্দ হবে।'
নায়িকার সঙ্গে সুর মিলিয়ে আদর আজাদ জানিয়েছেন, 'এটুকু বলতে পারি, প্রথম সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবে না।'

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।
এদিকে প্রথম সিনেমা মুক্তির আগেই সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন আদর-বুবলী । বর্তমানে সিনেমাটি নির্মাণাধীন রয়েছে।