মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭ , ০৪:৫৩ পিএম
আমি সিনেমা করছি আমার দর্শক, ইন্ডাস্ট্রির ও সংস্কৃতির জন্য। দেশের মানুষ সিনেমা হলে আসছেন সিনেমা দেখছেন এটাই তো বড় জবাব এ নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। এ নিয়ে কে কি বললেন তা নিয়ে আমি ভাবছি না। আজকে যখন যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছি তখন আমি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আর পক্ষ বিপক্ষ নিয়ে একদম ভাবছি না। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। বললেন এসময়ের শীর্ষ নায়ক শাকিব খান।
মঙ্গলবার গুলশানের একটি রেস্টুরেন্টে ঈদে নিজের ছবির সাফল্যের জন্য সাংবাদিক ও দর্শকদের শুভেচ্ছা জানানোর জন্য এ সংবাদ সম্মেলন করেন শাকিব।
তবে সম্প্রতি চলচ্চিত্র ঐক্যজোট তাকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো মন্তব্য করেননি 'হিরো দ্য সুপারস্টার' খ্যাত এই তারকা। তিনি বলেছেন মন দিয়ে নিজের কাজটি করে যেতে চান এ ব্যাপারে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে হামলার বিষয়ে শাকিব বলেন, এ ধরনের ঘটনা কারো জন্যই কাম্য নয়। চলচ্চিত্রের শুটিংয়ের জন্য আমাকে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। আমি থানায় এ নিয়ে জিডি করেছি। আপনারা সেখান থেকেই বিস্তারিত জানতে পারবেন। সম্প্রতি মধুমিতা সিনেমা হলের মালিকের ওপর হামলা হয়েছে। এ ধরনের ঘটনা সত্যি দুঃখজনক।
তিনি আরো বলেন, উচ্ছৃঙ্খলকারীদের নিয়ে আমার কিছুই বলার নেই। আপনারাই এসব সামনে তুলে আনবেন এ দায়িত্ব আপনাদেরই। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের প্রতি আমার আস্থা রয়েছে। যারা ভালো কাজ করছেন তাদের প্রতি সরকার সুদৃষ্টি দেবে বলে আমার বিশ্বাস।
ঈদে মুক্তিপ্রাপ্ত 'নবাব' ও 'রাজনীতি' ছবি নিয়ে শাকিব খান বলেন, আজকের আয়োজনটি সাংবাদিক ও আমার দর্শকদের জন্য। ঈদে আমার অভিনীত দু'টো ছবি ভালো সাড়া ফেলেছে। তবে দেশের বাইরে শুটিং এ থাকার কারণে আমি সেভাবে সিনেমা হলগুলোতে যেতে পারিনি। আবার শুটিংয়ের জন্য দেশের বাইরে যেতে হবে তাই আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানানোর জন্য আজকের এ ক্ষুদ্র আয়োজন।
এইচএম /এমকে