images

বিনোদন

ঢাকায় অভিবাসী চলচ্চিত্র উৎসব

বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭ , ০২:৩০ পিএম

এশিয়া মিডিয়া কালচারাল ফ্যাক্টরি (দক্ষিণ কোরিয়া) এবং জলজ মুভি (বাংলাদেশ) যৌথভাবে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘সিউল অভিবাসী চলচ্চিত্র উৎসব ঢাকা-২০১৭’। এই উৎসবে প্রদর্শিত হবে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের নির্মিত ৭টি চলচ্চিত্র।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধনী পর্বে অতিথি থাকবেন অধ্যাপক গীতি আরা নাসরিন, চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, জুনায়েদ হালিম, শ্রমিক নেতা মোশরেফা মিশু। সূচনা সঙ্গীত পরিবেশন করবে সমগীত ও চিত্রপট।

আয়োজক জলজ মুভির সাইফুল জার্নাল আরটিভি অনলাইনকে বলেন, ‘প্রতিটি মানুষের শিল্প-মন থাকে, একজন শ্রমিক সারাদিন কারখানাতে কাজ করেও তার মনে চলচ্চিত্র বানানোর স্বপ্ন থাকে, তার আশা-আকাঙ্খা  ও অভিজ্ঞতা প্রকাশের জন্য চলচ্চিত্রকে বেছে নেয়, তাদের নির্মাণগুলো আমরা দেখতে চাই এবং দেখাতে চাই। প্রথমবারের মতো এই আয়োজন সবাইকে নতুন এক অভিজ্ঞতা দেবে।’

উৎসবে প্রদর্শিত হবে- ‘দ্যা ট্রাবল্ড ট্রুবেডর’, ‘হুড’, ‘ডায়াস্পারা’, ‘মুক্তার মামা’, ‘রিচ ড্যাড পোর ড্যাড’, ‘সি রোজ এগেইন’, ‘সেইভইয়র’। প্রতিটা চলচ্চিত্র প্রদর্শনীর পর একজন বক্তা প্রদর্শিত চলচ্চিত্র নিয়ে কথা বলবেন। আলোচকদের মধ্যে উপস্থিত থাকবেন- অধ্যাপক ফাহমিদুল হক, আল আসাদ করিম, বেলায়াত হোসেন মামুন, অং রাখাইন।

পিআর/এমকে