সোমবার, ২৭ মে ২০২৪ , ০৪:৫০ পিএম
বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে আছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। মূলত শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন এবং শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে কড়া মন্তব্য করে সমালোচনায় রয়েছেন তিনি। এসবের মাঝেই আরেক চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি।
মিষ্টি জান্নাতকে তমা মির্জা মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশটি দিয়েছিলেন। বৃহস্পতিবার (২৩ মে) আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলমের মাধ্যমে নোটিশটি পাঠান তমা।

এবার চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানি মামলা করতে যাচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তমা মির্জাকে পাঠানো এক আইনি নোটিশে মিষ্টি জান্নাতের আইনজীবী কামরুজ্জামান কচি বলেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সোমবার ২৭ মে নোটিশটি ইস্যু করা হয়েছে।

মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি। নোটিশে লেখা হয়, তমা মির্জা মিষ্টির নামে অসত্য অভিযোগ এনে নোটিশ পাঠিয়েছেন। এটা তুলে নেওয়া ও ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি টাকা না দিলে মিষ্টি তমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা (মামলা) নেবেন। তবে মিষ্টির নোটিশের বিষয়ে প্রতিবেদন লেখা অবধি অভিনেত্রী তমার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে তমার নোটিশ পাওয়ার পর তাকে উদ্দেশ্য করে মিষ্টি জান্নাত আরটিভিকে বলেন, সম্প্রতি আমি দেশের মিডিয়াতে অসংখ্য বক্তব্য দিয়েছি। যার কোথাও তার নাম আমি উল্লেখ করিনি। সে কেন আমাকে উদ্দেশ্য করে নোটিশ পাঠাল। সে বিষয়ে আমি বোধগম্য নই। তার এমন কার্যক্রম আমাকে সামাজিকভাবে হেয় করেছে। কাজটি অবশ্যই সে আমার সম্মান নষ্টে করেছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে একজন দন্তচিকিৎসক।