images

বিনোদন / আরটিভি

আরটিভিতে নিলয়-তিশার ‘বাজাও বিয়ের বাজনা’

বুধবার, ১৯ জুন ২০২৪ , ০৬:৪২ পিএম

রাফাত বংশের একমাত্র ছেলে। কোন কিছু করে না। বাবা মায়ের মনে হলো বিয়ে দিলে হয়তো ব্যবসায় মনযোগী হবে। আরেক দিকে রুহি। সে তার ফ্রেন্ড সার্কেল, কাজ এসব নিয়ে এত ব্যস্ত তার বিয়ে করার সময়ই নেই। মোটামুটি দুই পরিবারের চাপাচাপিতে কনে দেখার আয়োজন হয়। তাও রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা বলে। তাদের যখন আলাদা কথা বলতে দেওয়া হয়, দুইজনই জানায় দুইজনের কি কি ঝামেলা। কথা কাটাকাটি হয়। জেদ থেকে দুইজনই বিয়েতে রাজি। শুরু হয় বিয়ে নিয়ে নানান ঘটনা। 

এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘বাজাও বিয়ের বাজনা’। অনামিকা মন্ডলের রচনায় এটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও তাসনুভা তিশা।

নাটকটি নিয়ে অভিনেতা নিলয় আলমগীর বলেন, নাটকটিতে অভিনয় করতে পেরে নিজেরই অনেক ভালো লাগছে। কারণ, গল্পটা খুব সুন্দর। আশাকরি, দর্শকদের নাটকটি ভালো লাগবে। 

নিলয়-তিশা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কচি খন্দকার, সাবেরী আলম, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, আনোয়ার শাহী, বাসার বাপ্পি, নূর এ কাঞ্চন, জাবেদ গাজী প্রমুখ অভিনয় করেছেন। 

ঈদের তৃতীয় দিন (১৯ জুন) রাত ৮টা ৩০মিনিটে এটি আরটিভিতে প্রচারিত হবে। একইসঙ্গে নাটকটি ইউটিউবে দেখতে চোখ রাখুন Rtv Drama ইউটিউব চ্যানেলে।