images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

শাফিন অনন্য ছিল: হামিন আহমেদ

মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ , ০৮:৪৫ এএম

হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় ২৫ জুলাই ভোর ৬টা ৫০ মিনিটে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা যান। এরপর যুক্তরাষ্ট্রে প্রথম জানাজা শেষে সোমবার (২৯ জুলাই) তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। সব ঠিক থাকলে আজ দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হবে। এমতাবস্থায় ছোট ভাই শাফিনকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বড় ভাই ও মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ।

দেশের একটি গণমাধ্যমে তিনি লিখেছেন, শাফিনের হঠাৎ চলে যাওয়ার খবরটা শোনার পর কেমন লেগেছিল, তা বলে বোঝানো সম্ভব নয়। যেটুকু বলতে পারি, ওর মৃত্যুর খবর শুনে আমার কলিজা ছিঁড়ে গেছে মনে হয়েছে। বিশ্বাসই হচ্ছিল না। সত্যি শুনছি তো? ভাবতে পারছি না। কীভাবে কী হয়ে গেল!

হামিন আহমেদ আরও লিখেছেন, আমাদের বয়সের ব্যবধান এক বছরের। পিঠাপিঠি ছিলাম। আমার থেকে এক বছরের ছোট হলেও ছোটবেলা থেকে সবকিছু একসঙ্গেই ছিল। আমি যেখানে ছিলাম, সে ওখানে ছিল। সে যেখানে ছিল, আমি ওখানে। বন্ধু মহলও কমন ছিল। সেই সূত্রে আমি মাইলসে যোগ দেওয়ার দুই মাসের মধ্যে সে-ও যোগ দেয়। এরপর মাইলসের যাত্রা তো সবারই জানা। 

মাইলস ব্যান্ডের এই সদস্য লিখেছেন, শাফিন অনন্য ছিল। কারণ, সবকিছুতে খুব খুঁতখুঁতে ছিল। যেকোনো কাজ সূক্ষ্মভাবে করত। কাজ শুরুর আগে ব্যাপক প্রস্তুতি থাকত। বিস্তারিত মনোযোগ যেটাকে বলে, সেটাই শাফিন। কোনো শর্টকাট পদ্ধতি নয়, একদম কাজে গভীরতায় বিশ্বাসী ছিল। কোনো ফাঁকিঝুঁকি ছিল না। প্রতিটি কাজে মনোযোগ ও আন্তরিকতা ছিল দেখার মতো।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ গঠিত হয়। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন আহমেদ ও হামিন আহমেদ। এরপর বাংলাদেশের অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা।