images

বিনোদন

অবশেষে বরবাদ’র পরিচালক ও সিনেমাটোগ্রাফারের ভুল-বোঝাবুঝির অবসান

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ১২:৩১ এএম

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদে’ ছবিটি। ছবিটি মুক্তির আগে থেকেই নানা ঝামেলা পড়েছিল। তবে নানা ভাবে সেগুলো সুরাহা হয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। পরিচালক হিসেবে নিজের প্রথম সিনেমার জন্য প্রশংসা কুড়াচ্ছেন মেহেদী হাসান হৃদয়। 

এদিকে এত আলোচনার মাঝেই হুট করে প্রকাশ্যে আসলো এক চাঞ্চল্যকর তথ্য। সিনেমাটির ক্রেডিট নিয়ে ফুটে উঠেছে অভিমান-ক্ষোভের গল্প। আর সেটা শুরু করেছেন ভারতীয় সিনেমাটোগ্রাফ শৈলেশ আওয়াস্থি; যিনি কলকাতার আলোচিত দেবের ‘খাদান’ সিনেমার সিনেমাটোগ্রাফার।

পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এক ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে শৈলেশ আওয়াস্থি দাবি করেছেন, ‘বরবাদ’ সিনেমার প্রকৃত সিনেমাটোগ্রাফার তিনিই। শুধু তাই নয়, সিনেমাটির সৃজনশীল ও ভিজ্যুয়াল নির্মাণে তারই প্রধান ভূমিকা থাকলেও চূড়ান্ত ক্রেডিট থেকে তাকে বাদ দিয়ে সিনেমাটোগ্রাফির স্বীকৃতি দেওয়া হয়েছে রাজু রাজকে।

যদিও কিছুক্ষণ পর সেই পোস্টটি সরিয়ে আরও একটি স্ট্যাটাস দেন শৈলেশ আওয়াস্থি। যেখানে তিনি জানান, সিনেমাটির পরিচালকের সঙ্গে কথা হয়েছে এবং পুরোটাই ছিল তাদের দু’জনের মধ্যে ভুল-বোঝাবুঝি।

এই বিষয়ে ‘বরবাদ’ পরিচালক আরটিভিকে বলেন, আসলে বিষয়টি পুরোটাই ভুল বোঝাবুঝি। ইতোমধ্যে শৈলেশ আওয়াস্থিও বিষয়টি পরিষ্কার করেছেন। তবে হ্যাঁ আমাদেরও কিছুটা ভুল হয়েছে। সিনেমাটি মুক্তির আগে নানা ঝামেলা ছিল সেসময় তাড়াহুড়া করে সব কিছু করায় এবং ডিসিপি রিসিভ করার সময় ভুলবশত সেখানে তার নামটি মিস হয়ে যায়। সেটি আর তখন খেয়াল করা হয়নি। 

তিনি আরও বলেন, আমার সিনেমার প্রধান সিনেমাটোগ্রাফারই হচ্ছে শৈলেশ আওয়াস্থি। যেহেতু আমরা সিনেমাটির বেশির ভাগ শুটিংই মুম্বাইতে করেছি সে অংশটুকুর ডিওপি তিনিই ছিলেন। এর বাইরে বাংলাদেশে জাস্ট অল্প একটু দৃশ্য ছিল যেটার ডিওপি ছিলেন রাজু রাজ। তবে ‘বরবাদ’-এর প্রধান ডিওপি শৈলেশ আওয়াস্থিই। শুরু থেকেই ডিওপি হিসেবে সবখানে আমরা তার নাম মেনশন করে এসেছি। যেটা হয়েছে সেটা একদমই ভুলবশত। পাশাপাশি অনেক মানুষ বিষয়টি আসলে বুঝতেও ভুল করছে৷ 

বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইধিকা পাল।

আরটিভি/এএ/একে