images

বিনোদন

ফরিদা পারভীনের শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ১১:২৪ এএম

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন হাসপাতালে ভর্তি রয়েছেন। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিন দিন আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুরুতে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। 

শিল্পীকে শ্বাস-প্রশ্বাস নিতে এখন অক্সিজেনের সহায়তা নিতে হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে আইসিইউর সামনে গেলে দূর থেকে দেখা গেল তাকে। ইশারা দিয়ে কী যেন বলার চেষ্টা করছেন। বাইরে উদ্বিগ্ন তার ছেলে। অপেক্ষা করছেন, কখন চিকিৎসক বের হবেন। শোনাবেন আশার বাণী। 

ফরিদাপুত্র ইমাম জাফর নোমানী বলেন, মায়ের অবস্থা গতকালের চেয়ে একটু ভালো। তবে শরীর বেশ দুর্বল। কথা জড়িয়ে যাচ্ছে। চিকিৎসক চেষ্টা করছেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।

মঙ্গলবার বিকেলে হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার শিমুল চন্দ্র নাথ বলেন, ফরিদা পারভীন ডায়ালাইসিসের রোগী। সঙ্গে ডায়াবেটিস ও হাইপার টেনশনের সমস্যা আছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। এখনও তিনি বিপদমুক্ত নন। তবে সকালে ফরিদা পারভীন নিজে নিজে তাকিয়েছেন। হাত-পা নাড়াচ্ছেন। আরেকটু উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হবে। 

প্রসঙ্গত, ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীতের মাধ্যমে সংগীতজীবন শুরু করেন। এরপর ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে তিনি সবার মন জয় করেন। লালনসংগীতে তার সরাসরি তালিম সাধক মোকসেদ আলী শাহর কাছ থেকে নেয়া। পরবর্তীতে এই ধারার এক অনন্য কণ্ঠ হয়ে উঠেন তিনি।

১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ফরিদা পারভীনকে একুশে পদক প্রদান করা হয়। ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে সম্মাননা পান। এরপর ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কার পান। 

আরটিভি/এমএ