images

বিনোদন / আরটিভি

আরটিভির নতুন ধারাবাহিক ‘মায়ার বাঁধন’

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:৩৬ পিএম

সেলিমের বয়স যখন সাত তখন তার মা মারা যায়। বছর ঘুরতে না ঘুরতেই সেলিমের দিন মজুর বাবা আবার বিয়ে করে। সৎ মায়ের সংসারে সেলিম বিভিন্ন রকমের অত্যাচার আর নীপিড়নের শিকার হয়। বাবাও মুখ ফিরিয়ে থাকে সেলিমের দিক থেকে। 

বছর খানেক কোন মতে ঠিকে থাকলেও একদিন সৎ মায়ের সংসার ছেড়ে পথে নামতে বাধ্য হয় সেলিম। শুরু হয় সেলিমের কষ্টের আর সংগ্রামের জীবন। আর এই জীবনে বেঁচে থাকার জন্য কত ধরনের কাজ যে সেলিমকে করতে হয়েছে-তা গুনে বলা মুশকিল। গাড়ীর গ্যারেজে হেলপার, হোটেলের বেয়ারা, ষ্টেশনে কুলির কাজ, ঠেলা গাড়ীর হেলপার আরও কত কি! আর এই করতে করতেই কেটে যায় চার পাঁচটা বছর। 

ধারাবাহিক_নাটক-_মায়ার_বাঁধন_(1)

মাঝে মাঝে বাবার সাথে দেখা করতে আসে সেলিম। বুঝতে পারে বাবা পরিবার নিয়ে খুব কষ্টে আছে। আর থাকবেই বা না কেন? সেলিমের দিন মজুর বাবা আয় রোজগার বাড়াতে না পারলেও বছর বছর সন্তান উৎপাদন ঠিকই করতে পেরেছে। সেলিম যখন যা পারে পিতার হাতে দিয়ে যায়। বাবা সেলিমকে বাসায় নিয়ে যেতে চায় কিন্তু সেলিম যায়না। কারন সে কখনোই আর সৎ মায়ের মুখোমুখি হতে চায় না। কিন্তু হতে হয়! একদিন হঠাৎ করেই মারা যায় সেলিমের বাবা। সন্তানের দ্বায়িত্ব পালন করতে এসে-সৎ মা,সৎ ভাই বোনদের মুখোমুখি হতে হয় সেলিমকে। অসহায় ছেলে মেয়ে গুলোর মুখের দিকে তাকিয়ে বুকটা কেমন ছাঁৎ করে ওঠে সেলিমের। কি হবে এদের? এরাও কি তার মতই পথের জীবনে মিশে যাবে? এমনি এক গল্প নিয়ে নির্মাতা রুলীন রহমান নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক মায়ার বাঁধন।

নতুন এই ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, দীপা খন্দকার, অবিদ রেহান, ওয়াহিদা মল্লিক জলি, মিশু সাব্বির, মীম চৌধুরী প্রমুখ। 

নতুন এই ধারাবাহিকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আরটিভিতে রাত রাত ১০ টায় প্রচারিত হবে।  

আরটিভি/এএ