শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪০ পিএম
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় আসেন ১৮ সেপ্টেম্বর। তার আগমনেই শুরু হয় ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। ঢাকায় অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তাকে ঘিরে চলেছে টানা আলোচনার ঝড়।
রোববার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান এই তারকা। সফরের স্মৃতি ও অনুভূতি জানিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন হানিয়া আমির।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আসসালাম ও আলাইকুম, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন, যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।
পোস্টের শেষাংশে তিনি বাংলাদেশের মানুষের জন্য শান্তি ও শুভকামনা জানান।
এর আগেই ঢাকায় পা রাখার প্রথম দিনেই বাংলা ভাষায় সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে ভক্তদের হৃদয় ছুঁয়ে যান হানিয়া। এই সফরকে কেন্দ্র করে যেমন ছিল দর্শকদের উচ্ছ্বাস, তেমনি নিজের পক্ষ থেকেও ছিল নানা পরিকল্পনা ও আন্তরিকতা।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। খুব অল্প সময়েই তিনি প্রাণবন্ত অভিনয় ও উচ্ছল ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মন জয় করে নেন। মডেলিং ও অভিনয়ে তার জনপ্রিয়তা রয়েছে দুই দিকেই।
আরটিভি/এএ