শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ০৪:১৭ পিএম
মুম্বাইয়ের বান্দ্রায় গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত স্প্যানিশ গায়ক এনরিক ইগলেসিয়াসের কনসার্টে মোবাইল চুরির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভিড়ে মিশে চোরচক্র প্রায় ৮০টি মোবাইল ফোন উধাও করেছে, যার বাজার মূল্য প্রায় ২৪ লাখ রুপি। খবর এনডিটিভির।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কনসার্টে প্রায় ২৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বলিউড তারকাদেরও উপস্থিতি ছিল। গানের সুরে মেতে থাকা দর্শকদের মধ্যেই সুযোগ বুঝে চোরেরা ফোন চুরি করে।
মুম্বাইয়ের বিকেসি থানা পুলিশ ইতোমধ্যেই সাতটি পৃথক মামলা দায়ের করেছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আমরা অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা রুজু করেছি। সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে চোরদের শনাক্তের চেষ্টা চলছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কনসার্টে উপস্থিত ছিলেন বিদ্যা বালান, মালাইকা অরোরা, রাকুল প্রীত সিং, জ্যাকি ভগনানি, রুবিনা দিলাইক, অভিনব শুক্লা, মেইয়াং চ্যাং এবং রাহুল বৈদ্যসহ অন্যান্য তারকারা।
এনরিক প্রায় ৯০ মিনিটের বেশি সময় পারফর্ম করেন। কালো পোশাক ও ট্রেডমার্ক ক্যাপ পরে মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, নমস্কার, মুম্বাই! হাত তুলুন! গান শেষে তিনি আরও বলেন, ২০০৪ সালে আমি প্রথম এখানে এসেছিলাম। আবারও এসেছি। অনেক ভালো লাগছে।
আরটিভি/কেআই