images

বিনোদন / সিনেমা / ঢালিউড

ঢাকা-১৭ আসনে লড়বেন জহির রায়হানের ছেলে তপু রায়হান

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ১২:৩৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রচার প্রচারণা শুরু করেছে রাজনৈতিক দলগুলোর নেতারা। নিজের দলের পক্ষে ভোট পেতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এরই মাঝে পাওয়া গেল এক নতুন খবর। ঢাকা-১৭ আসন থেকে লড়বেন জহির রায়হানের ছেলে তপু রায়হান।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের দরকার দুর্নীতিমুক্ত, দলীয়করণমুক্ত, রাজনৈতিক অ্যাজেন্ডামুক্ত সত্যিকারের জনকল্যাণমুখী, সৃজনশীল একটি সরকার ও তার প্রশাসন। আমার বাবা জহির রায়হান রাজনৈতিক সচেতন হলেও কোনো দলের সক্রিয় সদস্য ছিলেন না। বাবার মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠার স্বপ্নকে ধারণ করে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট না হয়েও মানবকল্যাণমুখী রাজনীতি করা সম্ভব বলে আমি বিশ্বাস করি।

তপু নিশ্চিত করেছেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে লড়বেন তিনি। ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। ইতোমধ্যে তিনি নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছেন। যা তার নির্বাচনি ইশতেহারে উল্লেখ থাকবে। 

তপু রায়হানের কথায়, এই এলাকার সমস্যা সমাধানে আমি এলাকাভিত্তিক ইশতেহার তৈরির উদ্যোগ নিয়েছি। কড়াইল বস্তির মতো নির্দিষ্ট অঞ্চলের মানুষের সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর মডেল তৈরির চেষ্টা করছি। এই মাসেই এলাকাভিত্তিক ইশতেহারগুলো প্রকাশ করা হবে। এই ইশতেহার নিয়ে সব প্রার্থীর কাছে যাব এবং তাঁদের সহযোগিতা চাইব।

নির্বাচনে জয় না পেলেও ঢাকা ১৭ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন তপু। তিনি বলেন, আমি জয়ী হই বা না হই, নির্বাচনের পর ঢাকা-১৭ আসনে যিনিই এমপি হন, এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে আমি তার সঙ্গে কাজ করে যাব। সরকারের সঙ্গে একযোগে কাজ করার লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টামণ্ডলী তৈরির চেষ্টা করছি। নীতি (পলিসি) তৈরি, বাজেট প্রণয়ন এবং কাজ শুরু করার প্রতিটি ধাপে এই কমিটি আমাকে সাহায্য করবে। 

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এই আসনে বিএনপির জোট শোরিক হিসেবে নির্বাচন করবেন আন্দালীব রহমান পার্থ। এছাড়াও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এই আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন। 

আরটিভি/এএ