images

বিনোদন

যে কারণে খুন হলেন চিত্রনায়ক সোহেল হত্যা মামলার আসামি মামুন

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৩:০০ পিএম

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি তারিক সাইফ মামুন আন্ডারওয়ার্ল্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। মামুন হত্যার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ডিবি প্রধান বলেন, ‘ইমন-মামুন গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসী রনি এই হত্যার নির্দেশ দেন। তবে রনির সহযোগী ইমন এই হত্যায় সরাসরি জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মাত্র ২ লাখ টাকায় ভাড়াটে শুটার ভাড়া করেন রনি, যিনি একসময় মামুনের সহযোগী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় বসেই পরিকল্পনা হয়।

শফিকুল ইসলাম বলেন, কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক ওরফে কুত্তা ফারুক এবং রবিন। এ ছাড়া শামীম, ইউসুফ ও রুবেলসহ আরও কয়েকজন এই হত্যায় জড়িত।

তিনি আরও জানান, এর আগেও রনি একাধিকবার মামুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন। তবে এবার পরিকল্পনাটি বাস্তবায়িত হয় সফলভাবে।

আরও পড়ুন
Hasan_Masud

এখনো হাসপাতালে হাসান মাসুদ

ডিবিপ্রধান বলেন, এটি স্পষ্টভাবে আন্ডারওয়ার্ল্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। নিজেদের গ্রুপে আধিপত্য বিস্তার ও পুরনো শত্রুতার জেরেই মামুনকে খুন করা হয়।

এ সময় তিনি আরও জানান, গত বছরের ৫ আগস্টের পর জামিনে বের হয়ে যেসব শীর্ষ সন্ত্রাসী পুনরায় অপরাধে জড়িত হয়েছে, তাদের বিষয়েও গোয়েন্দা পুলিশ সক্রিয় রয়েছে।

আরটিভি/কেআই