বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৪:৪৬ পিএম
নাট্যশিল্পী মো. এরশাদ হাসান-এর একক অভিনীত নাটক ‘ভাসানে উজান’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। দীর্ঘদিন পর শিল্পকলার মঞ্চে ফিরছেন একক নাটকের পথিকৃৎ, মঞ্চ-টিভি ও চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। তিনি থাকছেন এ আয়োজনের উদ্বোধক ও মধ্যমণি হিসেবে।
যুব নির্ভর নাট্যসংগঠন বিবেকানন্দ থিয়েটার-এর ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’ নির্মিত হয়েছে দস্তয়ভস্কির ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে। নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়।
নাটকের নির্মাণে মঞ্চ ও আলো পরিকল্পনায় পলাশ হেন্ড্রি সেন অল্প উপকরণে বৃহত্তর দৃশ্যকল্প ফুটিয়ে তোলার প্রত্যাশা নিয়ে কাজ করেছেন। সংগীতে হামিদুর রহমান পাপ্পু, পোশাকে এনাম তারা সাকি ও আশরাফ বোয়ারী আধুনিক ও এন্টিক নন্দনের মিশ্রণ তৈরি করেছেন।
কোরিওগ্রাফিতে রবিন বসাক থিয়েটার ও যাত্রার আঙিকের ফিউশনে গুরুত্ব দিয়েছেন। রূপসজ্জায় নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় চেষ্টা করেছেন নাটকের কেন্দ্রীয় চরিত্র আশরাফ বোয়ারীর অভ্যন্তরীণ মানসিক রূপটিকে দৃশ্যমান করতে।
বিবেকানন্দ থিয়েটারের নতুন এই প্রযোজনাকে ঘিরে নাট্যজগতে ইতিমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে। আজকের প্রদর্শনীতে দর্শকদের জন্য অপেক্ষা করছে একক অভিনয়ের এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
আরটিভি/কেআই