বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৫:২৬ পিএম
বলিউডে নক্ষত্রের অভাব নেই। কেউ সাফল্যের শিখরে বহু বছর রাজত্ব করেন, আবার কেউ হঠাৎই আলোচনার কেন্দ্রে এসে হারিয়েও যান সময়ের স্রোতে। ঠিক এমনই এক নাম জায়েদ খান- যিনি ‘ম্যায় হুঁ না’ ছবির ‘লাকি’ চরিত্রে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন, অথচ আজ বলিউডের আড়ালে শান্ত জীবন কাটাচ্ছেন তিনি।
২০০৪ সালে ফারাহ খান পরিচালিত ব্লকবাস্টার ‘ম্যায় হুঁ না’ মুক্তির পর শাহরুখ খানের অনস্ক্রিন ভাই হিসেবে জায়েদের লম্বা চুল, কুল লুক আর সহজ-সরল অভিনয় মন জিতে নেয় দর্শকদের। যদিও তার অভিষেক ঘটে ২০০৩ সালে ‘চুরা লিয়া হ্যায় তুমনে’-এর মাধ্যমে, যা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। পরের বছরেই শাহরুখের সঙ্গে পর্দায় হাজির হয়ে তিনি পান তারকা খ্যাতি ও পরিচিতি।
তবে সেই সাফল্য ধরে রাখতে পারেননি খুব বেশিদিন। ২০০৫ সালে ‘শাদি নম্বর ওয়ান’, ‘ওয়াদা’-সহ একাধিক ছবি মুক্তি পেলেও বক্স অফিসে একের পর এক ব্যর্থতা তাকে ক্রমশ পিছনে ঠেলে দেয়। শেষ পর্যন্ত অভিনয় জগত থেকে দূরে সরে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নেন জায়েদ খান। এরপর থেকে তাকে বড় পর্দায় আর দেখা যায়নি, যদিও মাঝেমধ্যে বলিউডের পার্টি বা ইভেন্টে তার উপস্থিতি চোখে পড়ে।
ব্যক্তিগত জীবনে জায়েদ খান বলিউড সুপারস্টার হৃতিক রোশন- এর ঘনিষ্ঠ আত্মীয়; হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের আপন ভাই তিনি। সিনেমা থেকে দূরে থাকলেও পারিবারিক বন্ধন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয়।
সম্প্রতি মাকে হারিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেতা। মা জারিন খান- এর শেষ ইচ্ছা অনুযায়ী হিন্দু রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম হয়। এই সময় হৃতিক রোশন ও তার পরিবারকে জায়েদের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিতে দেখা গেছে।
আরটিভি/কেআই