শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৮:১২ পিএম
ভারতের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের অভিনয় ক্যারিয়ার দীর্ঘ ও বৈচিত্র্যময়। তিনি শুধু বাংলা চলচ্চিত্র নয়, বলিউডেও একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন। রাজেশ খান্না, শশী কাপুর, জীতেন্দ্র, সঞ্জীব কুমার, বিনোদ মেহ্রা এবং অমিতাভ বচ্চনের মতো তারকা অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন মৌসুমী। তবে তার জীবনের কিছু চমকপ্রদ ঘটনা এখনও সিনেমার মতোই আকর্ষণীয়। খবর হিন্দুস্তান টাইমসের।
মাত্র ১৬ বছর বয়সে হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেন মৌসুমী। তাদের দুটি সন্তানও রয়েছে- পায়েল ও মেঘনা। কিন্তু একজন অভিনেত্রী হিসেবে মৌসুমী শুধু চলচ্চিত্র জগতেই নয়, ব্যক্তিগত জীবনেও ছিলো নানা চমক।
একবার অভিনেতা রাজেশ খান্না মৌসুমীকে এমন একটি মন্তব্য করেছিলেন, যা শুনলে অনেকেই চমকে উঠবেন। সে সময় মৌসুমী গর্ভবতী ছিলেন। রাজেশ খান্না তাকে প্রশ্ন করেছিলেন, গর্ভে যে সন্তান রয়েছে, তা কি বিনোদ মেহরার? মৌসুমী কিছু না বললেও, তার পাল্টা প্রশ্নে রাজেশ খান্না নিজেই অবাক হয়ে যান। মৌসুমী জানতে চেয়েছিলেন, তুমি ও ডিম্পলের সন্তানেরা কি সত্যিই তোমার, না কি ঋষি কাপুরের?
এছাড়া, মৌসুমী তার ব্যক্তিগত জীবনের এক গভীর ক্ষতি স্মরণ করে বলেন, আমার ছোট মেয়ে পায়েল মাত্র ৪৫ বছর বয়সে ২০১৯ সালে চলে যায়। এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় শোক।
মৌসুমী দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তার এই সিদ্ধান্তের পেছনে ছিল পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো আপস না করার চেতনা। সে সময় অনেক সিনেমা থেকেও বাদ পড়েছিলেন তিনি, কিন্তু নিজের নীতিতে অনড় থেকেছিলেন।
আরটিভি/কেআই