বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৪:১০ পিএম
ছোট পর্দার অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। বুধবার (১০ ডিসেম্বর) অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন জানান, সকালে তিনু চোখ খুলেছেন।
চিকিৎসকেরা বলেছেন, অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। তবে কত দিন লাইফ সাপোর্টে রাখতে হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি চিকিৎসক দল।
তিনু করিমের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অ্যাক্টরস ইকুইটি। সংগঠনটি তার চিকিৎসায় এক লাখ টাকা সহায়তা পাঠিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, রাষ্ট্রীয় সহায়তাও মিলছে। বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে সংগঠনটি।
গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তার অক্সিজেনের মাত্রা কমে গেলে ২৪ নভেম্বর তাকে ঢাকায় আনা হয় এবং একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। মধ্যে শরীরের অবস্থা কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়েছিল, কিন্তু গতকাল রক্তচাপ ও রক্তে সুগার লেভেল কমে যাওয়ায় তিনি জ্ঞান হারান। পরে আবার আইসিইউ এবং ৩ ডিসেম্বর বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
প্রসঙ্গত, দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে যুক্ত তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন তিনি। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করে নিজেদের আলাদা অভিনয়শৈলীর জন্য দর্শকের মন জয় করেছেন এই গুণী অভিনেতা। একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে কাজ করে তিনি ব্যাপক পরিচিতি পান।
আরটিভি/কেআই