images

বিনোদন / হলিউড

সিনেমা দেখে ক্ষুব্ধ ভক্তরা, চাইলেন টাকা ফেরত

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ১১:১৩ এএম

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত সাই-ফাই মহাকাব্য ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। তবে সিনেমাটি দেখতে এসে একাংশ দর্শক বেরিয়েছেন চরম হতাশা নিয়ে। কারণ অনেকেই টিকিট কেটেছিলেন মূলত মার্ভেল স্টুডিওর আসন্ন ইভেন্ট ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর প্রথম টিজার ট্রেলার দেখার আশায়। কিন্তু হলে গিয়ে সেই ট্রেলারের দেখা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন তারা। কোথাও কোথাও দর্শকদের একাংশ টাকা ফেরতের দাবিও তুলেছেন। খবর কমিকবুক মুভির।

ডিজনি আগেই জানিয়েছিল, ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর আগে নির্দিষ্ট কিছু হলে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর টিজার ট্রেলার দেখানো হবে। এই ঘোষণার পরই বহু মার্ভেল ভক্ত শুধুমাত্র ট্রেলার দেখার উদ্দেশ্যে টিকিট কিনেছিলেন। তবে বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া আন্তর্জাতিক প্রদর্শনীতে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি হলে সেই ট্রেলার দেখানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

ফলে অনেক দর্শক সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, ট্রেলার দেখানোর প্রতিশ্রুতি দিয়ে টিকিট বিক্রি করা হয়েছে, কিন্তু হলে গিয়ে কিছুই পেলাম না। কয়েকটি থিয়েটারে দর্শকদের সঙ্গে কর্তৃপক্ষের বাগ্‌বিতণ্ডার খবরও সামনে এসেছে। যদিও সব হলে পরিস্থিতি এক নয়-কিছু প্রেক্ষাগৃহে ট্রেলারটি দেখানো হয়েছে এবং সেটি ইতিমধ্যেই অনলাইনে ফাঁসও হয়েছে।

এদিকে মার্ভেল স্টুডিওর ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে নতুন আপডেটও এসেছে। ছবিটি জাপানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে অর্থাৎ ১৮ ডিসেম্বর ২০২৬ মুক্তি পাবে। সম্প্রতি বড় ধরনের সূচি পরিবর্তনের ফলে ‘ডুমসডে’-এর মুক্তি পিছিয়ে ২০২৬ সালের ১৮ ডিসেম্বর এবং ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এর মুক্তি নির্ধারিত হয়েছে ১৭ ডিসেম্বর ২০২৭।

দুটি সিনেমারই পরিচালনার দায়িত্বে রয়েছেন রুসো ব্রাদার্স। এর আগে তারা ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’, ‘সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘এন্ডগেম’ পরিচালনা করেছিলেন। সান ডিয়েগো কমিক কন-এ ঘোষণার পর এক বিবৃতিতে রুসো ব্রাদার্স বলেন, মার্ভেল ইউনিভার্সে গল্প বলা আমাদের আজীবনের স্বপ্ন পূরণ করেছে। আবারও এই দারুণ টিমের সঙ্গে কাজ করতে পেরে আমরা রোমাঞ্চিত।

আরটিভি/কেআই