শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ , ০৯:৫১ পিএম
ব্যক্তিগত জীবন আর সংসার ভাঙার গুঞ্জনের মাঝেই নিজের বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা কথা বললেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের খবর নিশ্চিত করার পাশাপাশি তিনি জানিয়েছেন, জীবনের এই কঠিন সময়টি তিনি সম্পূর্ণ ভিন্নভাবে পার করছেন। শনিবার (১০ জানুয়ারি) তাহসান নিজেই জানান যে, বর্তমানে তিনি একাকী ভ্রমণের মাধ্যমে নিজেকে সময় দিচ্ছেন।
দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় জনসম্মুখ থেকে কিছুটা দূরে রয়েছেন এই তারকা। বর্তমান দিনগুলো কীভাবে কাটছে—এমন প্রশ্নে তাহসান বলেন, এখন বই পড়াই তার সবচেয়ে বড় সঙ্গী। তিনি জানান, ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। নিজের মানসিক প্রশান্তির জন্য এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি। কোলাহলমুক্ত জীবন আর বইয়ের পাতায় ডুব দিয়েই কাটছে তার নিভৃত দিনকাল।
তাহসান স্পষ্ট করেছেন যে, ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে কথা বলার ইচ্ছে তার ছিল না। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে নানা ভুয়া খবর ছড়ানোর কারণে তিনি বিচ্ছেদের সত্যতা স্বীকার করতে বাধ্য হয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের ঘোষণা আসবে বলেও তিনি জানান। বর্তমানে কোনো শুটিং বা কনসার্টের ব্যস্ততা নয়, বরং নিভৃতে নিজের সঙ্গ উপভোগ করা এবং অসুস্থতা কাটিয়ে ওঠাই তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।
আরটিভি/এআর