বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:১৭ পিএম
সাদিয়া রহমান মিথিলা নামে এক নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। এ অভিযোগ অস্বীকার করলে তার বিরুদ্ধে ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মিথিলা। পরে পিবিআই তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায়। এরপর আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরপর বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় বুধবার ১৯ (ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয়েছে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হকের আদালত হিরো আলমকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে হিরো আলম নিজ এলাকায় অবস্থান করছে খবর পেয়ে সদর থানার পুলিশ তাকে ধরতে গেলে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হিরো আলম। পরে গাড়ি নিয়ে ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকায় গ্রেপ্তার করা হয়।
আরটিভি/এমএইচজে