শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৪৬ পিএম
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন, ইকরা আত্মহত্যা করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
আলমগীর জাহান আরও জানান, আমরা তাকে হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি। বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।
কুর্মিটোলা হাসপাতাল থেকে এসআই হুমায়ূন আহমেদ বলেন, আমাদের একটি টিম হাসপাতালে আছে, সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।
এদিকে জানা গেছে, অভিনেতা জাহের আলভী বর্তমানে শুটিংয়ে নেপালে আছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে তারা পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।
আরটিভি/এমএ