শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪৪ পিএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যার আগে সামাজিকমাধ্যমে দেন এক রহস্যময় পোস্ট। সংক্ষিপ্ত সেই পোস্টে তিনি লেখেন, ‘বিগ এক্সপোজ অ্যালার্ট! গেট রেডি এভরিওয়ান!’ যা নিয়ে এখন চলছে নানান আলোচনা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেন ইকরা। বিষয়টি নিশ্চিত করেন পরিবারের ঘনিষ্ঠজনরা।
এর আগের দিনও সামাজিকমাধ্যমে একটি মন্তব্য করেছিলেন তিনি, যেখানে ছিল নিজেকে মুক্তি দেওয়ার ইঙ্গিত। এক পোস্টে আলভী লেখেন, ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।’ এর জবাবে ইকরা মন্তব্য করেন, ‘ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মেলে না। আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম। আবার কষ্ট কেন!’ এই মন্তব্য এখন নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে।
এই পোস্টের ঠিক কয়েক ঘণ্টা পর, শুক্রবার সকাল ১০টা ৫৬ মিনিটে ইকরা একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ইংরেজিতে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, কেউ একজন কারও পুরো জীবনটা ধ্বংস করে দেয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে... কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ।
আত্মহত্যার ঘটনার সময় শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন জাহের আলভী। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।
তিনি আরও লেখেন, আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেলো।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।
এ ঘটনায় শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে পরবর্তী আনুষ্ঠানিকতার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মিরপুরের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমে জানান, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে গলায় দড়ি দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করা হয়; এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষেই এই আত্মহত্যার পেছনের প্রকৃত রহস্য এবং প্ররোচনার বিষয়টি আইনিভাবে পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএ