images

বিনোদন

ঈদে শাকিবের ‘প্রিন্স’ নিয়ে জটিলতা: শো বন্ধ, দর্শকদের ক্ষোভ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৮:৪৬ এএম

রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স’ মুক্তির পর ব্যাপক সাড়া ফেললেও মাল্টিপ্লেক্স প্রদর্শনীতে দেখা দিয়েছে জটিলতা। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো বন্ধ থাকায় দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতেও স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’এর কোনো শো প্রদর্শিত হয়নি। অথচ একই সময়ে অন্যান্য সিনেমা ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ নিয়মিতভাবে চলতে দেখা যায়।

জানা গেছে, নির্ধারিত সময়ে ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) সরবরাহে বিলম্ব এবং প্রযুক্তিগত সমস্যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, পরিবেশকের কাছ থেকে সময়মতো কনটেন্ট না পাওয়ায় শো চালু করা সম্ভব হয়নি।

তবে পরিস্থিতি সামাল দিতে রোববার রাত ৮টা ১০ মিনিটে পরীক্ষামূলকভাবে একটি শো চালানো হয়। এর মাধ্যমে সাউন্ড ও ভিজ্যুয়ালসহ প্রযুক্তিগত বিষয়গুলো যাচাই করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস দাবি করেছে, তৃতীয়বারের মতো ডিসিপি জমা দেওয়ার পরও সেটি সিনেপ্লেক্সের সার্ভারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। যদিও দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সে একই ডিসিপিতে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

প্রায় ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত। এতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যসহ আরও অনেকে।

ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। যৌথভাবে গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন। শিরিন সুলতানা প্রযোজিত ২ ঘণ্টা ২৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘এ’ (প্রাপ্তবয়স্ক) সনদ পেয়েছে।

প্রযুক্তিগত জটিলতা দ্রুত সমাধান হলে দর্শকরা খুব শিগগিরই মাল্টিপ্লেক্সে ‘প্রিন্স’ উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে