মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৭:৫৮ পিএম
টলিউড অভিনেত্রী সুস্মিতা রায়ের ব্যক্তিগত জীবন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত সম্পর্ক ও আচরণ নিয়ে বিস্ফোরক দাবি।
সুন্দরবন থেকে উঠে এসে অভিনয়ের জগতে নিজের অবস্থান গড়ে তোলা সুস্মিতা ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি ভ্লগিং ও ব্যবসায়ও ব্যস্ত সময় কাটাচ্ছেন।
২০২৫ সালের ২০ মার্চ, নিজের জন্মদিনে সুস্মিতা স্বামী সব্যসাচীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতিতে তারা জানান, পারস্পরিক মতভেদের কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে বিষয়টি পরিবারের সদস্যরাও নিশ্চিত করেন।
তবে বিচ্ছেদের কিছুদিন পরই আবারও আলোচনায় আসেন সুস্মিতা।
চলতি মাসে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নতুন জীবনের সূচনা জানান তিনি। এরপর সাবেক স্বামীর সঙ্গে ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে হুমকির অভিযোগ তোলেন। লাইভে এসে সুস্মিতা দাবি করেন, চক্রবর্তী পরিবার এখনও তার ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিচ্ছে। সেই সময় তিনি নিজের একাধিক সম্পর্ক ও বিয়ের বিষয়েও খোলামেলা কথা বলেন।
এ ছাড়া তিনি সাবেক স্বামীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও বিকৃত যৌনতার অভিযোগ তোলেন। সুস্মিতার দাবি, এসব সহ্য করেই এতদিন সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদ এড়ানো যায়নি।
অন্যদিকে সব্যসাচী চক্রবর্তী এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছেন। সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, সম্পর্কের সমস্যার মূল দায় সুস্মিতার। তিনি নিজেও শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন।
সব্যসাচীর ভাষ্য অনুযায়ী, পারস্পরিক অবিশ্বাস ও অশান্তিই শেষ পর্যন্ত সম্পর্ক ভাঙনের দিকে নিয়ে গিয়েছে।
এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। কেউ সুস্মিতার পক্ষে, আবার কেউ সব্যসাচীর পাশে দাঁড়াচ্ছেন। তবে অনেকেই মনে করছেন, অতীতের অভিযোগ-প্রতিআরোপের বাইরে গিয়ে নতুন জীবন ও কাজেই মনোযোগ দেওয়া উচিত দুই পক্ষেরই।
আরটিভি/এমএইচজে