images

বিনোদন

রুনা লায়লাকে গান শোনালেন কাঙ্গালিনী সুফিয়া

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৪:০৮ পিএম

উত্তরের জেলা বগুড়ায় মিউজিক অ্যাওয়ার্ড শো’কে ঘিরে শুরু হয়েছে সুরের উৎসব। অনুষ্ঠানের মহড়ায় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে গান শোনালেন দেশের লোকগানের সম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়া। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দেশের নবীন-প্রবীণ একঝাঁক সংগীত তারকা।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বগুড়ার একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় মিউজিক অ্যাওয়ার্ড শো’র শেষ মুহূর্তের মহড়া। তারকাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। উন্মুক্ত মাঠে তৈরি বিশাল মঞ্চে শিল্পীরা ব্যস্ত সময় পার করেন চূড়ান্ত প্রস্তুতিতে।

এবারের আয়োজনের অন্যতম বড় আকর্ষণ উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। মূল অনুষ্ঠানের আগেই মহড়ার ফাঁকে তাকে দেখা যায় এক ভিন্ন আবহে। এ সময় তার সঙ্গে গানের আড্ডায় মেতে ওঠেন কাঙ্গালিনী সুফিয়া।

প্রিয় শিল্পীকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি কাঙ্গালিনী সুফিয়া। তিনি গেয়ে শোনান তার কালজয়ী গান ‘মাটির গাছে লাউ ধইরাছে’। গানটি মনোযোগ দিয়ে শোনেন রুনা লায়লা এবং প্রশংসায় ভাসান লোকসংগীতের এই বরেণ্য শিল্পীকে।

গান শেষে রুনা লায়লাকে জড়িয়ে ধরে সম্মান ও ভালোবাসা জানান কাঙ্গালিনী সুফিয়া। শিল্পীদের এই আবেগঘন মুহূর্ত উপস্থিত সবার নজর কাড়ে।

এ সময় আয়োজক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে মূল আয়োজনের আগেই বগুড়ায় যেন শুরু হয়ে গেছে সুরের এক মহোৎসব।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক মঞ্চে মিলিত হওয়ার কথা দেশের সংগীতাঙ্গনের নক্ষত্রদের। ইতোমধ্যে সংগীতের এই মিলনমেলায় উপস্থিত হয়েছেন তারকা ও ভক্তরা।


আরটিভি/এসকে