images

বিনোদন

‘রাকা’ হয়ে পর্দা কাঁপাতে আসছেন আল্লু অর্জুন

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৮:৪১ পিএম

তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন এবং ব্লকবাস্টার নির্মাতা অ্যাটলির প্রথম যৌথ কাজ নিয়ে বেশ কিছুদিন ধরেই সিনেমাপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ ছিল। এতদিন ‘এএ২২এক্সএ৬’ (AA22xA6) নামে পরিচিত প্রকল্পটির অবশেষে আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়েছে—‘রাকা’।

বুধবার (৮ এপ্রিল) অভিনেতার ৪৪তম জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় ছবিটির ফার্স্ট লুক পোস্টার। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করেন আল্লু অর্জুন, যেখানে তাকে এক ভয়ংকর ও বিধ্বংসী রূপে দেখা গেছে।

চমকপ্রদ বিষয় হলো, নির্মাতারা একযোগে মোট ৯টি ভাষায় পোস্টারটি প্রকাশ করেছেন— যার মধ্যে হিন্দি, ইংরেজিসহ একাধিক আঞ্চলিক ভাষা রয়েছে। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে, ছবিটি প্যান-ইন্ডিয়া পর্যায়ে মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রকাশিত পোস্টারে আল্লু অর্জুনকে প্রায় চেনাই দায়। ভারী প্রস্থেটিক্স ও মেকআপের মাধ্যমে তাকে অনেক বয়স্ক রূপে উপস্থাপন করা হয়েছে। চোখে গাঢ় কাজল, গায়ে পশমী পোশাক এবং ভেতর থেকে বেরিয়ে থাকা বিশাল নখ বা থাবা চরিত্রটির রহস্যময় ও ভয়াবহ দিককে তুলে ধরেছে। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে— “সীমাহীন এক কল্পনার জন্য নিজেকে প্রস্তুত করুন”।

সান পিকচার্স প্রযোজিত এই সায়েন্স ফিকশন অ্যাকশন ড্রামাটি প্রথম ঘোষণা করা হয়েছিল গত বছর আল্লু অর্জুনের জন্মদিনেই। এটি আল্লু অর্জুন ও অ্যাটলির প্রথম সহযোগিতামূলক কাজ।

ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে, ‘রাকা’ ছবিতে আল্লু অর্জুন চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করবেন— দাদু, বাবা এবং দুই ছেলে। পাশাপাশি ছবির গল্প দুটি সমান্তরাল মহাবিশ্বের ধারণাকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে বলেও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুন
Web-Image---Copy

আজীবন সম্মাননা পাচ্ছেন কনক চাঁপা, বিশেষ সম্মাননায় কাঙালিনী সুফিয়া

ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

অন্যদিকে, পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়, এই ছবির জন্য আল্লু অর্জুন প্রায় ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন, সঙ্গে লভ্যাংশের ১৫ শতাংশ অংশীদারত্বের চুক্তিও রয়েছে। পরিচালক অ্যাটলি নিচ্ছেন প্রায় ১০০ কোটি রুপি।

বিগ বাজেট এই সিনেমার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি রুপি। এর মধ্যে প্রযোজনায় ব্যয় হবে প্রায় ২০০ কোটি রুপি এবং ভিজ্যুয়াল এফেক্টসের (ভিএফএক্স)জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি।

সব মিলিয়ে, ‘রাকা’ ভারতীয় সিনেমার অন্যতম বৃহৎ ও বহুল প্রতীক্ষিত প্রজেক্ট হিসেবে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরটিভি/এমএইচজে