images

বিনোদন

আশা ভোঁসলের শেষ বিদায় সম্পন্ন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৮:২০ পিএম

রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা ও অগনিত মানুষের ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলেকে। 

সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য।

এর আগে তার মরদেহ মুম্বাইয়ের লোয়ার পারেলের বাসভবন থেকে শোভাযাত্রার মাধ্যমে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। ফুলসজ্জিত গাড়িতে তার বড় একটি ছবিও রাখা হয়েছিল, যেখানে ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় ‘নাথ’ পরিহিত অবস্থায় দেখা যায় এই কিংবদন্তিকে। পথে পথে ভক্তরা দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান।

বিকেল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে আনন্দ ভোঁসলেসহ পরিবারের সদস্যরা। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে তার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো কাচের কফিনে রাখা হয় এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুন
opy

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলেকে শ্রদ্ধা, বাসভবনে তারকাদের ভিড়

এদিন সংগীত, চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনের অসংখ্য তারকা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। তাদের মধ্যে ছিলেন আমির খান, শচীন টেন্ডুলকার, এআর রহমান, জ্যাকি শ্রফ, রিতেশ দেশমুখ, রণবীর সিং, রাকেশ রোশন, হেলেন, পুনম ধিল্লন ও মীনাক্ষী শেশাদ্রি, তাবুসহ আরও অনেকে।

দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতকে সমৃদ্ধ করেছেন আশা ভোসলে। হিন্দি সিনেমা ছাড়াও একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। সংগীতে অসামান্য অবদানের জন্য ২০০৮ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ প্রদান করা হয়। 

এ ছাড়া তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হয়েছেন। তার গাওয়া ‌‘দিল চিজ কেয়া হ্যায়’, ‘ইন আঁখোঁ কি মস্তি কে’ কিংবা ‘ইয়ে ক্যায়া জাগাহ হ্যায় দোস্তোঁ’-এর মতো অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।

আরটিভি/এসআর