images

বিনোদন

হাসপাতালে ভর্তি জায়ান মালিক

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০৮:৩২ পিএম

জনপ্রিয় ব্রিটিশ গায়ক এবং ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য জায়ান মালিকে নিজের হাসপাতালের বিছানায় থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট দিয়ে জানান, তিনি হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এ ছবি প্রকাশের পর থেকেই তার স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে।

ছবির সঙ্গে তিনি ভক্তদের উদ্দেশে একটি বার্তাও লেখেন। সেখানে তিনি সবাইকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে জানিয়েছেন, যুক্তরাজ্যের কিছু অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টায় লন্ডনের কিংস্টনস্থ ‘সার্কিট’-এ জায়ান মালিকের একটি বিশেষ লাইভ পারফরম্যান্সের কথা ছিল।

সেখানে তার নতুন অ্যালবামের গানগুলো প্রথমবার ভক্তদের সামনে গাওয়ার পরিকল্পনা ছিল। তবে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান ‘ব্যাংকেট রেকর্ডস’ জানায়, অসুস্থতার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

জায়ান মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তিনি অপ্রত্যাশিতভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি আরও লেখেন, এই সপ্তাহে ভক্তদের সঙ্গে দেখা করতে না পারায় তিনি ভীষণভাবে দুঃখিত।

তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভক্তদের ভালোবাসা ও সমর্থন ছাড়া তিনি আজকের অবস্থানে আসতে পারতেন না। পাশাপাশি তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কার্ডিওলজিস্ট, প্রশাসনিক কর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তিনি লেখেন, তারা সবাই অসাধারণ এবং তার সুস্থতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তবে গায়ক ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তা স্পষ্ট করেননি। শুধু ‘কার্ডিওলজিস্ট’ শব্দের উল্লেখ থাকায় ভক্তদের মধ্যে হৃদযন্ত্রজনিত সমস্যা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এখন পর্যন্ত জায়ান মালিক বা তার ব্যবস্থাপনা দল থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তার জন্য দোয়া করছেন। কেউ কেউ লিখেছেন, তারা আশা করেন জায়ান দ্রুত সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরবেন।

আরটিভি/টিআর