images

বিনোদন

বদলে গেল নগর বাউলের বেইজ গিটারিস্ট

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০৭:৩২ পিএম

আন্তর্জাতিক রক তারকা মাহফুজ আনাম জেমসের ব্যান্ড নগর বাউলের বেইজ গিটারিস্ট পরিবর্তন হয়েছে। বেইজ গিটারিস্ট রানা দল থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় নতুন করে যুক্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী ইসমামুল ফরহাদ এলিন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর। তিনি জানান, ব্যক্তিগত ব্যস্ততার কারণে রানা ব্যান্ডে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। তাই অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করেই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, নতুন সদস্য এলিন ইতিমধ্যেই সংগীত অঙ্গনে পরিচিত নাম। তিনি আগে জনপ্রিয় ব্যান্ড শূন্যের গিটারিস্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া চিরকুট ব্যান্ডের সঙ্গেও অতিথি শিল্পী হিসেবে পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে তার।

উল্লেখ্য, ২০২০ সালেই নগর বাউলের অতিথি সদস্য হিসেবে যুক্ত হয়েছিলেন এলিন। পরবর্তী সময় চলতি বছরের মার্চ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ব্যান্ডটির সদস্য হিসেবে যাত্রা শুরু করেন।

বর্তমানে ‘নগর বাউল’-এর লাইনআপে রয়েছেন—জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং নতুন সংযোজন ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।

আরটিভি/টিআর