বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০১:৩৫ পিএম
পাকিস্তানের জনপ্রিয় তারকা অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের সম্পর্ক আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। এক সময়ের প্রেম, এরপর বিচ্ছেদ—দুই তারকার সম্পর্ক বহুদিন ধরেই ভক্তদের আগ্রহের বিষয় হয়ে আছে। তবে সম্প্রতি তাদের আচরণ নতুন করে গুঞ্জন তৈরি করেছে যে, পুরনো সম্পর্ক কি আবারও নতুন মোড় নিতে যাচ্ছে?
সম্প্রতি আসিম আজহারের একটি কনসার্টে হানিয়ার উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। মঞ্চে গান গাওয়ার সময় আসিম যেভাবে বারবার হানিয়ার দিকে তাকিয়ে গান গেয়েছেন, তা দর্শকদের নজর এড়ায়নি। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় নতুন জল্পনা।
এরপর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আরেকটি কনসার্টে দেখা যায় আরও ভিন্ন চিত্র। সেখানে ভিড়ের মধ্যে হানিয়া নিজেকে আড়াল করার চেষ্টা করেন। মুখ ঢেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হাতে থাকা রুমালে লেখা ছিল আসিমের নাম, যা আরও রহস্য তৈরি করে।
ভক্তদের একাংশ মনে করছেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং একে ওপরের প্রতি নীরব ইঙ্গিত বা সম্পর্কের নতুন অধ্যায়ের ইশারা।
এদিকে গুঞ্জন আরও জোরালো হয়েছে সম্ভাব্য বিয়ে নিয়ে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ তারা আবারও সম্পর্ককে নতুনভাবে শুরু করতে পারেন।
তবে এই বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবুও তাদের সাম্প্রতিক আচরণ ভক্তদের মনে নতুন করে প্রশ্ন তুলছে, পুরনো প্রেম কি সত্যিই আবার ফিরে আসছে?
আরটিভি/জেএমএ