images

বিনোদন

‘কিঁউকি সাস ভি কাভি বহু থি ২’ সিরিয়ালের সমালোচনায় উত্তাল নেটদুনিয়া, ঘটনা কী

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১০:০৫ পিএম

ভারতীয় টেলিভিশন ইতিহাসের কালজয়ী ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কাভি বহু থি’র নতুন সিজন ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশেষ করে কাস্টিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন দর্শকরা। পর্দার চরিত্র আর অভিনয়শিল্পীদের বাস্তবের বয়সের বিস্তর ফারাকই এই ক্ষোভের প্রধান কারণ।

২০০০ সালে শুরু হওয়া এই ধারাবাহিকে ‘তুলসি’ চরিত্রে অভিনয় করে ভারতজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন স্মৃতি ইরানি। সেই সময় তার ছেলে ‘অংশ’র চরিত্রে অভিনয় করতেন আকাশদীপ সাইগল। কিন্তু ২০২৫ সালে শুরু হওয়া সিরিয়ালটির দ্বিতীয় সিজনে দেখা যাচ্ছে এক অদ্ভুত সমীকরণ, আকাশদীপ এখন পর্দায় স্মৃতির ‘নাতি’ হিসেবে অভিনয় করছেন!

আরও পড়ুন
Ronobir_030

৫০০ লিটার পেট্রোলে বাজিমাত, হাজার কোটির ক্লাবে রণবীরের ‘ধুরন্ধর ২’

বাস্তবে অভিনেত্রী স্মৃতি ইরানির বর্তমান বয়স ৫০ বছর, আর অভিনেতা আকাশদীপের বয়স ৫১। অর্থাৎ বড় পর্দার নাতি তার দাদির চেয়ে বাস্তবে এক বছরের বড়। বয়সের এই অসামঞ্জস্য মেনে নিতে পারছেন না ভক্তরা। নেটিজেনদের মতে, এমন কাস্টিং সিরিয়ালের গ্রহণযোগ্যতা নষ্ট করছে।

তবে সমালোচনাকে পাত্তা না দিয়ে একে একটি ‘সৃজনশীল পদক্ষেপ’ হিসেবে দেখছেন আকাশদীপ সাইগল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম সিজনে ছেলে হিসেবে থাকলেও এবার নাতির চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা চমৎকার। এই রূপান্তরের অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। 

গল্পের খাতিরে এই পুনর্বিন্যাস করা হলেও দর্শকরা একে ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিচ্ছেন। যদিও টিআরপি চার্টে সিরিয়ালটি ভালো অবস্থানে রয়েছে, কিন্তু কাস্টিং নিয়ে দর্শকদের নেতিবাচক মন্তব্য থামছেই না।

আরটিভি/এমআই