মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৩:৫৭ পিএম
বিশ্বের জমকালো ফ্যাশন আয়োজনে এবারও নজর কাড়লেন ভারতীয় তারকা ও নকশাকাররা। ভিন্নধর্মী পোশাক আর শিল্পের ছোঁয়ায় তারা মুগ্ধ করেছেন সবাইকে।
প্রখ্যাত নকশাকার মনিষ মালহোত্রা হাজির হন এক রাজকীয় সাজে। তিনি পরেছিলেন ঐতিহ্যবাহী গলা বন্ধ পোশাক, যার সঙ্গে ছিল দৃষ্টিনন্দন এক ভাস্কর্য কাঁধ। এটি ছিল মুম্বাই শহরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি, যেখানে সূক্ষ্ম কারুকাজে ফুটে উঠেছে শহরের নানা রূপ। এটি তৈরি করতে ৫০ জন কারিগরের লেগেছে প্রায় ৯৬০ ঘণ্টা, যা এর নিখুঁত কাজের প্রমাণ।
অন্যদিকে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরও পরেছিলেন মনিষ মালহোত্রার নকশা করা পোশাক। তার পোশাকে ছিল পুরনো ধাঁচের একটি ভিন্টেজ জ্যাকেটের ওপর হাতে আঁকা ও সূক্ষ্ম কারুকার্য করা কেপ, যেখানে ফুটে উঠেছে ভারতীয় পুরাণের চরিত্রগুলো।
করণ জোহর আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে জানান, তার চলচ্চিত্রে পোশাকের গুরুত্ব অনেক বড় এবং এটি তার কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিশেষ দিনে অংশ নিতে পেরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন বলেও জানান।
সব মিলিয়ে, এবারের আয়োজনে ভারতীয় নকশা, ঐতিহ্য ও গল্পের মেলবন্ধন দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে।
আরটিভি/জেএমএ