images

বিনোদন

কুদ্দুস বয়াতির পারিবারিক অডিও ফাঁস, বললেন মান-সম্মান নিয়ে টানাটানি না করতে

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৮:১৫ পিএম

বরেণ্য লোকশিল্পী কুদ্দুস বয়াতি তার পারিবারিক আলোচনার একটি অডিও রেকর্ড অনুমতি ছাড়া গণমাধ্যমে প্রকাশ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কথাবার্তা গোপনে রেকর্ড করে প্রচার করা অনৈতিক এবং এতে তার মান-সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।

শনিবার (৯ মে) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের নিজ বাড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।

কুদ্দুস বয়াতি বলেন, কয়েকদিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে ঘরে বসে একটি আলোচনা চলছিল। সেখানে ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন এবং সন্তানদের শাসন সংক্রান্ত কিছু খোলামেলা কথা হয়। কিন্তু তিনি জানান, ওই আলোচনাটি যে কেউ রেকর্ড করে পরে গণমাধ্যমে ছড়িয়ে দেবে, তা তিনি কল্পনাও করেননি।

তিনি অভিযোগ করে বলেন, কে বা কারা রেকর্ড করেছে এবং কোথায় দিয়েছে, আমি এখনো জানি না। তবে আমার অনুমতি ছাড়া এটা প্রকাশ করা ঠিক হয়নি। আমার মান-সম্মান নিয়ে যেন টানাটানি না করা হয়।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্যই আমি আজকের কুদ্দুস বয়াতি। আমাকে যেন বিকৃতভাবে উপস্থাপন করা না হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

পারিবারিক সম্পদ ও সন্তানদের ভূমিকা নিয়ে তিনি বলেন, জীবনের নানা সংগ্রাম পেরিয়ে তিনি আজ এই অবস্থানে এসেছেন এবং যা কিছু অর্জন করেছেন তা নিজের প্রচেষ্টাতেই। পরিবারের ভেতরের বিষয়গুলো প্রায়ই ঘরোয়া আলোচনায় উঠে আসে বলেও তিনি জানান।

উল্লেখ্য, সম্প্রতি কুদ্দুস বয়াতির পারিবারিক কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আরটিভি/এসকে