images

বিনোদন

মান্না ও থালাপতি বিজয়ের ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল

সোমবার, ১১ মে ২০২৬ , ০১:২১ পিএম

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের একটি পুরোনো ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়। তবে ছবিটি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

সামাজিক মাধ্যমে কেউ দাবি করছেন, চেন্নাইয়ে সিনেমার কাজ করতে গিয়ে মান্নার সঙ্গে বিজয়ের সাক্ষাৎ হয়েছিল এবং তখনই ছবিটি তোলা হয়। আবার অনেকে বলছেন, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো একটি কাল্পনিক ছবি।

চলচ্চিত্রসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মান্নার একাধিক সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্টুডিওতে হতো। বিশেষ করে ২০০৩-০৪ সালের দিকে ‘বাস্তব’, ‘মিনিস্টার’ ও ‘বীর সৈনিক’ সিনেমার কাজ নিয়ে তিনি চেন্নাইয়ে অবস্থান করেছিলেন। একই সময়ে বিজয়ের সিনেমার কাজও চলছিল বলে জানা যায়। ফলে দুই তারকার দেখা হওয়া অসম্ভব নয় বলেই মনে করছেন অনেকে।

ছবিটি নিয়ে মান্নার স্ত্রী শেলী মান্না নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। তিনি জানান, অনেক আগের ঘটনা হওয়ায় তার স্পষ্ট মনে নেই। তবে মান্না নিয়মিত ভারত যেতেন এবং বিভিন্ন অনুষ্ঠান বা কাজের সূত্রে বিজয়ের সঙ্গে তার দেখা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ছবিটি এআই দিয়ে তৈরি। তবে ছবি শনাক্তকারী ওয়েবসাইটগুলোর বিশ্লেষণ ভিন্ন তথ্য দিচ্ছে। ‘সাইটইঞ্জিন’ নামের একটি প্ল্যাটফর্মের তথ্যমতে, ছবিটিতে মাত্র ৩ শতাংশ এআই সংশ্লিষ্টতা পাওয়া গেছে, অর্থাৎ এটি বাস্তব ক্যামেরায় তোলা হওয়ার সম্ভাবনাই বেশি। আর ‘জিরোজেপিটি’ বলছে, ছবিটির ৫১ শতাংশ অংশ মৌলিক এবং পুরোনো হওয়ার কারণে এতে আলো ও এডিটিংয়ের কিছু প্রভাব দেখা যাচ্ছে।

এদিকে চলচ্চিত্রের বাইরেও বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন থালাপতি বিজয়। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

জানা গেছে, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় বিজয়ের জোটের আসনসংখ্যা বেড়ে ১২০-এ পৌঁছেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। শনিবার ভিসিকে প্রধান থিরুমাভালাভান ও আইইউএমএল নেতারা টিভিকে নেতাদের হাতে সমর্থনপত্র তুলে দেন বলে জানা গেছে।

আরটিভি/এসকে