মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৮:১৫ এএম
দেশের নাট্যাঙ্গনের গুণী অভিনেতা ও নাট্যনির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান আর নেই। সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি বলেন, দেশের নাট্যাঙ্গন আজ একজন অভিভাবককে হারালো।
পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার (৮ মে) নিজ বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে নিবিড় পরিচর্যার প্রয়োজন হওয়ায় ধানমন্ডির আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
মধ্যে অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার (১০ মে) আবারও শারীরিক জটিলতা বাড়ে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার (১১ মে) রাতে না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী শিল্পী।
বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনে আতাউর রহমানের অবদান ছিল অসাধারণ। অভিনয় ও নাট্যনির্দেশনায় দীর্ঘদিন কাজ করে তিনি পেয়েছেন রাষ্ট্রের অন্যতম সম্মাননা একুশে পদকসহ অসংখ্য পুরস্কার।
তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও ভক্তরা জানাচ্ছেন গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
আরটিভি/জেএমএ