মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০২:৪১ পিএম
বিশ্বজুড়ে বিপ্লবের প্রতীক হিসেবে পরিচিত চে গুয়েভারা। টি-শার্ট থেকে পোস্টার—সবখানেই দেখা যায় তার পরিচিত মুখ। তবে চে গুয়েভারার সঙ্গে যেসব যোদ্ধা মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন, তাদের গল্প খুব কম মানুষই জানেন। এবার সেই অজানা গল্প নিয়েই কান চলচ্চিত্র উৎসবে আসছে নতুন প্রামাণ্যচিত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা যায়।
চে গুয়েভারা: দ্য লাস্ট কম্পেনিয়ন্স নামের এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন ফরাসি নির্মাতা ক্রিস্তফ দিমিত্রি রেভেই। কান উৎসবের বিশেষ প্রদর্শনী বিভাগে ছবিটির প্রদর্শনী হবে।
চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে চে গুয়েভারার তিন সহযোদ্ধার জীবনসংগ্রাম। বলিভিয়ায় চে গুয়েভারা নিহত হওয়ার পরও তারা দীর্ঘ সময় আত্মগোপনে থেকে লড়াই চালিয়ে যান। কঠিন পাহাড়ি পথ, ক্ষুধা, তৃষ্ণা আর হাজারো বিপদের মধ্যেও তারা বেঁচে ছিলেন।
এই তিনজনের মধ্যে একজন এখনো জীবিত আছেন। তাদের স্মৃতি, পুরোনো সাক্ষাৎকার এবং বিভিন্ন স্থানের দৃশ্য মিলিয়ে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্রটি।
নির্মাতা ক্রিস্তফ দিমিত্রি জানান, প্রায় ২০ বছর ধরে এই কাজ করেছেন তিনি। প্রথমে চে গুয়েভারার এক সহযোদ্ধাকে নিয়ে কাজ শুরু করলেও পরে বাকিদের গল্পও সামনে আনেন। তার ভাষায়, ইতিহাসে চে গুয়েভারার নাম আছে, কিন্তু যারা পাশে থেকে লড়াই করেছে তাদের কথা কেউ জানে না।
প্রামাণ্যচিত্রটিতে দেখানো হয়েছে, কীভাবে সাধারণ কৃষক পরিবারের তরুণরা অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। কেউ নিজের স্ত্রীকে হারিয়েছেন, কেউ চোখের সামনে নির্যাতন দেখেছেন। সেই যন্ত্রণা থেকেই তারা বিপ্লবের পথে হাঁটেন।
নির্মাতা আরও বলেন, চে গুয়েভারাকে তিনি একই সঙ্গে শ্রদ্ধা ও প্রশ্ন—দুই চোখেই দেখেন। তার মতে, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্য সঠিক ছিল, তবে পৃথিবী বদলের পথ নিয়ে বিতর্ক থেকেই যায়।
কান উৎসবে জায়গা পাওয়ায় নির্মাতা আনন্দিত হলেও তার আফসোস, ছবির অন্যতম চরিত্র বেনিনিও আর বেঁচে নেই। তিনি ছবিটি দেখতে পারেননি।
চে গুয়েভারার মৃত্যুর এত বছর পরও তার বিপ্লব, সংগ্রাম আর সহযোদ্ধাদের গল্প এখনও বিশ্বজুড়ে আগ্রহ তৈরি করছে। নতুন এই প্রামাণ্যচিত্র সেই অজানা অধ্যায়ই তুলে ধরবে দর্শকদের সামনে।
আরটিভি/জেএমএ