বুধবার, ১৩ মে ২০২৬ , ০২:০৮ পিএম
ভারতের দক্ষিণী টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও প্রযোজক দিলীপ রাজ আর নেই। মঙ্গলবার (১২ মে) গভীর রাতে হঠাৎ হার্ট অ্যাটাক বা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ভারতের একাধিক সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
পারিবারিক সূত্র জানায়, ভোরের দিকে আচমকাই তীব্র হৃদ্রোগে আক্রান্ত হন দিলীপ রাজ। দ্রুত তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
তার আকস্মিক মৃত্যুতে দক্ষিণী বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং স্মরণ করছেন প্রিয় এই অভিনেতাকে।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করেছেন দিলীপ রাজ। ২০০৭ সালে পুনিথ রাজকুমারের আলোচিত সিনেমা মিলানা দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। পরে ইউ টার্ন ও বয়ফ্রেন্ডসহ বহু সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। অভিনয় করেছেন ২৪টিরও বেশি সিনেমায়।
শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও ছিল তার দাপুটে উপস্থিতি। হিটলার কল্যাণ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এছাড়া জননী, রঙ্গোলী, কুমকুম ভাগ্য, মাঙ্গল্য ও রথসপ্তমীর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সফল ছিলেন দিলীপ রাজ। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একাধিক ধারাবাহিক নির্মাণ করেছেন তিনি।
মঞ্চনাটক দিয়েই অভিনয়ে পথচলা শুরু হয়েছিল তার। পরে টেলিভিশন ও সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করেন। সংগীতশিল্পী হিসেবেও পরিচিতি ছিল তার। বিশেষ করে এক সিনেমায় তার কণ্ঠে ডাবিং দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
দিলীপ রাজের মৃত্যুতে দক্ষিণী বিনোদন অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।
আরটিভি/জেএমএ