images

বিনোদন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন হলেন গায়িকা

বুধবার, ২০ মে ২০২৬ , ০৯:১৪ এএম

ভারতের পাঞ্জাবে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর। নিখোঁজ হওয়ার ছয়দিন পর লুধিয়ানার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২৯ বছর বয়সী এই গায়িকার মৃত্যুতে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে পাঞ্জাবজুড়ে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ মে রাতে বাজার করার উদ্দেশ্যে নিজ গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন ইন্দর কৌর। এরপর গভীর রাত হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের পক্ষ থেকে অপহরণের আশঙ্কা করে থানায় অভিযোগ দায়ের করা হয়।

পরে পুলিশ লুধিয়ানার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে সুখবিন্দর সিং নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

পরিবারের দাবি, প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে ইন্দরের সঙ্গে সুখবিন্দরের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তবে পরে ইন্দর জানতে পারেন, সুখবিন্দর বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। বিষয়টি জানার পর তিনি সম্পর্ক থেকে সরে আসেন।

অভিযোগ রয়েছে, ইন্দরের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সুখবিন্দর। তিনি বিয়ের জন্য চাপ দিতে থাকেন এবং প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন।

গায়িকার ভাই যতিন্দর সিং পুলিশের কাছে অভিযোগ করে জানান, সুখবিন্দর ও তার সহযোগীরা বন্দুকের মুখে ইন্দরকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের পরিকল্পনা করেই কানাডা থেকে ভারতে ফেরেন সুখবিন্দর। তবে সরাসরি ভারতে না এসে তিনি প্রথমে নেপালে যান। পরে সীমান্ত পেরিয়ে পাঞ্জাবে প্রবেশ করে এ হত্যাকাণ্ড ঘটিয়ে আবার কানাডায় ফিরে যান বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় অপহরণ, হত্যা ও ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার ও ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে