images

বিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে না 'নাকফুলের কাব্য'

বুধবার, ২৭ মে ২০২৬ , ০৬:১৬ পিএম

ঈদুল আযহা মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে গেছে ‘নাকফুলের কাব্য’।

সিনেমাটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সোমবার (২৫ মে) এক প্রেস বিজ্ঞপ্ততে জানিয়েছে, অনিবার্য বারণে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না চলচ্চিত্রটি। 

নাকফুলের কাব্য সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। এই সিনেমাতেই প্রথম জুটি হয়ে কাজ করেছিলেন তারা। এরপর আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন আদর-পূজা। সেই দুই সিনেমা ‘লিপস্টিক’ ও ‘টগর’ এরই মধ্যে মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি নাকফুলের কাব্য। এই ঈদে মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে শেষ মুহূর্তে আবারও পিছিয়ে গেল।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাকফুলের কাব্য। বানিয়েছেন আলোক হাসান। নির্মাতা জানান, সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা একটি অমর প্রেম ও বিরহের গল্প দেখা যাবে এতে। গল্প লিখেছেন ফেরারি ফরহাদ।

২০২২ সালে শুরু হয়েছিল নাকফুলের কাব্য সিনেমার শুটিং। সে সময় নাম ছিল ‘নাকফুল’। তবে সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করতে হয়। সে সময় পরিচালক জানিয়েছিলেন, একই নামে আরেকটি সিনেমা থাকায় নাম পরিবর্তন করতে হয়েছে তাদের।

আরটিভি/টিআর