images

বিনোদন

মৃত্যুর দিন পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০২:৩৭ পিএম

ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এমন অনেক নির্মাতা আছেন, যাদের কাজের সংখ্যা কম হলেও প্রভাব ছিল অসাধারণ। তাদের মধ্যে অন্যতম ছিলেন অবতার কৃষ্ণ কৌল। মাত্র একটি সিনেমা নির্মাণ করেই তিনি নিজের নাম অমর করে গেছেন। তবে সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো যেদিন তাঁর সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভের খবর আসে, সেদিনই তিনি মৃত্যুবরণ করেন।

image

১৯৭৪ সালে মুক্তি পায় কৌলের পরিচালিত একমাত্র চলচ্চিত্র '২৭ ডাউন'। রমেশ বাক্ষীর উপন্যাস ‘আঠারা সূরজ কে পৌধে’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছিলেন রাখী গুলজার এবং এম. কে. রায়না। সংগীত পরিচালনায় ছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া ও ভুবনেশ্বর মিশ্র।

image

মুক্তির পর সিনেমাটি ব্যাপক প্রশংসা অর্জন করে এবং ২১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি ফিচার ফিল্ম ও সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে দুটি জাতীয় পুরস্কার জিতে নেয়।

কিন্তু এই সাফল্যের আনন্দ উপভোগ করার সুযোগ পাননি অবতার কৃষ্ণ কৌল। ১৯৭৪ সালের ২০ জুলাই মুম্বাইয়ের ওয়াকেশ্বর এলাকায় এক ব্যক্তিকে/বন্ধুকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনি নিজেও পানিতে তলিয়ে যান এবং মৃত্যুবরণ করেন। একই দিন তার চলচ্চিত্র '২৭ ডাউন' জাতীয় পুরস্কার পাওয়ার ঘোষণা আসে।

image

মাত্র ৩৪-৩৫ বছর বয়সে তার জীবনাবসান ঘটে। স্বল্প সময়ের ক্যারিয়ারে একটি মাত্র চলচ্চিত্র নির্মাণ করলেও '২৭ ডাউন' আজও ভারতীয় সমান্তরাল চলচ্চিত্র আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি হিসেবে বিবেচিত হয়।

27

অবতার কৃষ্ণ কৌলের গল্প প্রমাণ করে, একজন শিল্পীর সাফল্য কাজের সংখ্যায় নয়, বরং তার প্রভাব ও উত্তরাধিকারে মাপা হয়। তার একমাত্র চলচ্চিত্রই তাকে চলচ্চিত্রপ্রেমীদের স্মৃতিতে চিরস্থায়ী করে রেখেছে।

আরটিভি/এসকে