বুধবার, ১৭ জুন ২০২৬ , ১২:৪৯ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার প্রথম ম্যাচেই বড় জয় ও লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে উচ্ছ্বাসে মেতে উঠেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম।
বুধবার (১৭ জুন) তারকা এই দম্পতি যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে অবস্থিত অ্যারোহেড স্টেডিয়ামে বসে সরাসরি উপভোগ করেন আর্জেন্টিনার ম্যাচ। মেসির জাদুকরী পারফরম্যান্সের সেই মুহূর্তের সাক্ষী হয়েছেন তারা।
ম্যাচ শেষে নাদিয়া আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও লাইভ ভিডিও প্রকাশ করেন। সেখানে গ্যালারিতে বসে নাঈমের সঙ্গে আর্জেন্টিনার জয় উদযাপন করতে দেখা যায় তাকে।
প্রকাশ করা ছবিতে নাদিয়াকে আর্জেন্টিনার জার্সি পরা অবস্থায় দেখা যায়। অন্যদিকে নাঈম আকাশি রঙের টি-শার্ট পরে দলের প্রতি সমর্থন জানান। পুরো ম্যাচজুড়েই প্রিয় দলের প্রতি তাদের উচ্ছ্বাস দেখা যায়।
নাদিয়ার পোস্ট প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাদের এই অভিজ্ঞতার প্রশংসা করেন।
এক ভক্ত মন্তব্য করেন, ‘জীবন সার্থক, বসের খেলা সামনে থেকে দেখা।’ আরেকজন লিখেছেন, ‘ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন, অভিনন্দন।’
তবে আর্জেন্টিনার জয় নিয়ে সবাই সমান উচ্ছ্বসিত ছিলেন না। কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তাদের উদযাপন নিয়ে মন্তব্য ও কটাক্ষও করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ জানুয়ারি অভিনেতা নাঈমকে বিয়ে করেন নাদিয়া আহমেদ। বর্তমানে এই তারকা দম্পতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
আরটিভি/জেএমএ