images

বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্যে ‘কাট’ বলার পরও থামেননি কঙ্গনা

রোববার, ২৮ জুন ২০২৬ , ১০:১১ পিএম

বলিউড অভিনেত্রী ও রাজনীতিক কঙ্গনা রনৌত মানেই যেন বিতর্কের আরেক নাম। বিভিন্ন সময় ব্যক্তিগত জীবন, রাজনৈতিক মন্তব্য কিংবা চলচ্চিত্রাঙ্গনের নানা বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেন তিনি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিভলবার রানি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন কঙ্গনা এবং কমেডিয়ান-অভিনেতা বীর দাস। দীর্ঘদিন পর সেই ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে সাংবাদিক সিমি চান্দোক দাবি করেন, সিনেমাটির একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে ‘কাট’ বলার পরও কঙ্গনা নাকি বীর দাসকে চুমু খেতে থাকেন। তার ভাষ্য, এতে বীর দাসের ঠোঁটে আঘাত লাগে এবং রক্ত বের হয়।

পডকাস্টে তিনি বলেন, বীর দাসকে একদিন আমার পডকাস্টে আনতে হবে। ওই সময়ের কথা মনে করলে হয়তো কেঁদেই ফেলবে। “রিভলবার রানি” সিনেমার একটি দৃশ্যে কঙ্গনার তাকে গভীরভাবে চুমু খাওয়ার কথা ছিল। কিন্তু দৃশ্য শেষ হয়ে যাওয়ার পরও তিনি থামেননি। বেচারার ঠোঁট কামড়ে রক্ত বের করে দিয়েছিলেন।

তবে এই বক্তব্যের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। কঙ্গনা রনৌত বা বীর দাস—দুজনের কেউই এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করেননি।

এর আগে ২০২৩ সালেও একই ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তখন কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়ে লিখেছিলেন, হৃতিক রোশনের পর এবার নাকি বেচারা বীর দাসেরও মানহানি করলাম? এটা আবার কবে হলো? সঙ্গে তিনি হাসি, জিভ বের করা ও ফেসপাম ইমোজিও ব্যবহার করেন। তার ওই প্রতিক্রিয়া থেকে অভিযোগটি তিনি গুরুত্ব দেননি বলেই ধারণা করা হয়। সূত্র: আনন্দবাজার।

আরটিভি/টিআর